CSKvsMI IPL 2025: আইপিএলের এল ক্লাসিকো। চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতে ভাবছিলাম, কখন শুরু হবে এই ম্যাচ, কখন দেখবো আবার ধোনিকে ব্যাটিং করতে, আদৌ কি পাবো দেখতে? সব প্রশ্নের উত্তর পেলাম আইপিএল ২০২৫-এর তৃতীয় ম্যাচেই। অল্প দু-খানা বলের জন্য হলেও মহেন্দ্র সিং ধোনি কে আমরা ব্যাট হাতে নামতে দেখলাম। ভালো লাগতো যদি একটা-দুটো ছয় দেখতে পেতাম। দুঃখ করে আর লাভ কি, দেখবো একদিন ঠিকই। এই তো শুরু হলো CSK-এর আইপিএল ২০২৫ সফর।
এই CSKvsMI ম্যাচে আমরা দেখতে পাই, টসে জিতে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড বোলিং নেয়। এরপর আর কি? যেমনটা সবার জানা ছিল, ঠিক সেরকমটাই হলো। চেন্নাই আর মাঠ মানেই স্পিনারদের জয়জয়কার। আর চেন্নাই এই সুযোগ কি আর এত সহজে হাতছাড়া করতো? তাই তো তাদের দলে রেখেছিল তিন-তিন খানা যোগ্য স্পিনার— রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং নূর আহমেদ। যদিও এছাড়াও দরকার পড়লে চেন্নাইয়ের দলে আরও দু-তিন খানা স্পিনার ছিলই। যদিও মুম্বাইও খুব কাঁচা দল নয়। নাহলে কি আর পাঁচ-পাঁচবার চ্যাম্পিয়ন হয়? আর তাই তো এই দুই দল সামনাসামনি হলেই সেটা বরাবরই হয়ে ওঠে ভয়ঙ্কর এক ম্যাচ। এদিনও তেমনটাই হলো।
মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের সময় প্রথমেই শূন্য রানে আউট হয় রোহিত শর্মা। এরপর একে একে সব খেলোয়াড় অল্প রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। এদিন মুম্বাইয়ের খেলা আটকে যায় ৯ উইকেটের শেষে ১৫৫ রানে। মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান আসে তিলক ভার্মা, সূর্যকুমার যাদব এবং দীপক চাহারের ব্যাট থেকে— যথাক্রমে ২৬ বলে ২৯, ২৫ বলে ৩১ এবং ১৫ বলে ২৮ রান।
মুম্বাইয়ের ম্যাচ আরও ভয়ঙ্কর হতে পারতো যদি হার্দিক পান্ডিয়া এবং জসপ্রিত বুমরাহ ম্যাচটি খেলতো। আমরা আশাবাদী, মুম্বাই কেন সেরার সেরা আইপিএল দল, সেটা তারা খুব শিগগিরই জানিয়ে দেবে।
মুম্বাই বনাম চেন্নাইয়ের আইপিএল ম্যাচ প্রথম ইনিংসের পর দেখতে একতরফা লাগলেও, দ্বিতীয় ইনিংস মোটেও তেমন ছিল না। অবশ্যই ম্যাচ অবশেষে চেন্নাই জিতে। কিন্তু এত সহজেও জিততে দেয়নি মুম্বাইয়ের খেলোয়াড়রা।
চেন্নাইয়ের হয়ে এদিন দুইজন ব্যাটসম্যান অর্ধশতরান করতে সক্ষম হন— রচিন রবীন্দ্র এবং রুতুরাজ গায়কওয়াড। রচিন রবীন্দ্র এদিন করেন ৪৫ বলে ৬৫ রান, ২টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে। এবং অন্যদিকে রুতুরাজ গায়কওয়াড করেন ২৬ বলে ৫৩ রান, ৬টি চার এবং ৩টি ছয়। ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যাটিং করতে নেমে রাহুল ত্রিপাঠি এদিন বেশি কিছু করতে পারেননি, তবে বাকি ব্যাটসম্যানেরা একটু একটু করে সবাই মিলে চেন্নাইকে ম্যাচ জেতাতে সক্ষম হন। এবং কয়েকটা বলে বাকি থাকতে আমরা দেখি আমাদের প্রিয় ধোনিকে ব্যাট হাতে নামতে। যদিও ধোনিকে একটিও রান করতে দেখতে পাইনি আমরা। ধোনি এদিন অপরাজিত থাকেন ২ বলে ০ রান করে।
ধোনির ব্যাটিং, ছক্কা, চার কিংবা দু-একটি রান না দেখে থাকলেও, উইকেটকিপিংয়ে ধোনির ঝলক আমরা ঠিকই দেখতে পাই। এবং সেখানেই ধোনি বুঝিয়ে দেন, তিনি ৪৪ বছর বয়সেও কতটা ফিট। এদিন তিনি নূর আহমেদের বলে সূর্যকুমার যাদবকে একটি দ্রুত স্টাম্পিং করে প্যাভিলিয়নে ফেরাতে সক্ষম হন।
রইলো বোলিংয়ের কথা।
মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এদিন চেন্নাইয়ের প্রাক্তন খেলোয়াড় দীপক চাহার একটি উইকেট নেন এবং দুর্দান্ত বোলিং করেন। এছাড়াও উইল জ্যাক্স একটি উইকেট নিতে সক্ষম হন। তবে চেন্নাইকে একটা সময় প্রায় হারিয়ে দিয়েছিল যে বোলারটি, যাকে আমরা কেউই চিনতাম না, কোনো বিশেষ ঘরোয়া ম্যাচও খেলেনি, সেই খেলোয়াড়টি হলো ভিগনেশ পুটুর। এদিন এই খেলোয়াড়টি ৪ ওভারের শেষে ৩২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন।
অন্যদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে বোলিং করতে গিয়ে মোটামুটি সবাই ভালোই বল করেন। তবে যাদের বোলিং স্ট্যাট চোখে লাগার মতো, তাদের কথা না বললেই নয়। এদিন ৪ ওভারের শেষে খলিল আহমেদ ৩টি এবং নূর আহমেদ ৪টি উইকেট তুলে নেন। এছাড়াও ন্যাথান এলিস ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নিয়ে মুম্বাইকে ১৬০-এর কম রানে আটকাতে সক্ষম হন।
আজকের ম্যাচ খারাপ লেগেছে, এরকম হয়তো কেউ বলবে না। আবার বলতেও পারে। যারা রোহিতকে রান করতে দেখতে চেয়েছিল, ধোনিকে রান করতে দেখতে চেয়েছিল, কিংবা কারও ব্যক্তিগত কোনো খেলোয়াড়ের খেলা বা নিজের পছন্দের দলকে বিশেষ কিছু পেতে দেখতে চেয়েছিল।
সে যাই হোক, মোটের ওপর এই ম্যাচ দেখার মতো এক ম্যাচ ছিল। এবং ছিল দুপুরের ম্যাচের একদম উল্টো। আইপিএল ২০২৫-এর দ্বিতীয় ম্যাচ SRHvsRR যেখানে ছিল বিরাট রানের এক ম্যাচ— পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া এক ম্যাচ! হতে পারে এই আইপিএলের সবচেয়ে বেশি রান হওয়া এক ম্যাচ। ঠিক সেখানেই এই CSKvsMI ম্যাচ ছিল তার একদম বিপরীত— হতে পারে আইপিএল ২০২৫-এর সবচেয়ে কম রান হওয়া অন্যতম একটি ম্যাচ।
আজকের আইপিএল ক্রিকেট ম্যাচ নিয়ে আলোচনা এটুকুই।
ক্রিকেট এবং আইপিএল নিয়ে এরকম আর্টিকেল আরও পড়তে চাইলে আপনারা ব্লগ নিয়মিত দেখতে পারেন। এবং জানাতে পারেন আপনাদের মন্তব্য, অভিজ্ঞতা বা ব্যক্তিগত জিজ্ঞাসা।
ভালো থাকবেন, ফিরবো আবার ক্রিকেট নিয়ে আলোচনায়।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।